চট্টগ্রাম নগরীতে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ জগতের সম্রাট ১৩টি মামলার আসামি মো. ইসমাইল হোসেন ওরফে রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাতে নগরীর মোহরা কাজীরহাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইসমাইল হোসেনের ছিনতাই জগতে পরিচিত নাম রনি। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরী চর এলাকায়। তিনি ওই এলাকার মো. মাসুদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে দায়ের করা ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ইসমাইল হোসেনের বিরুদ্ধে ছিনতাই, চুরি, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইসমাইল নগরীর বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
Leave a Reply