1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে কবরে থেকেও মামলা খেয়েছে দুই মেম্বার-কাউন্সিলর! ক্ষুব্ধ স্বজনেরা - দৈনিক আমার সময়

শ্রীপুরে কবরে থেকেও মামলা খেয়েছে দুই মেম্বার-কাউন্সিলর! ক্ষুব্ধ স্বজনেরা

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মহাসড়কে মিছিলের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের নামে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় দুই মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাঁদের একজন শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং অন্যজন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। মৃত্যুর প্রায় এক থেকে দুই বছর পর তাঁদের আসামি করায় ক্ষোভ জানিয়েছেন স্বজনেরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ নিয়ে ফেসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। এরআগে, গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মামলার নম্বর ৪৬। এতে ১১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে, ফেসবুকে বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছে আগে কবর থেকে এসে ভোট দিয়েছিল আর এখন কবরে থেকে মামলা খাচ্ছে। বিষয়টি হাস্যকর।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা মিছিল করেন। নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল ও মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খোকন। ওই মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ( কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে।

মামলার ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগরকে। তিনি কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, ‘ চাচা কবরে থেকেও মামলা খেয়েছে। আমাদের মতো আর কোনো মৃত ব্যক্তির পরিবারকে যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়। আল্লাহ সকলকেই হেফাজত করুন।’

মামলার ১০৪ নম্বর আসামি করা হয়েছে গাজীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে। তিনি ওই ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত শামসুল হকের ছেলে। ২০২৪ সালের ২ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ইদ্রিস আলীর স্ত্রী মুর্শেদা বেগম বলেন, আমার স্বামী কি কবর থেকে উঠে এসে মহাসড়কে মিছিল করেছে..? হঠাৎ করেই সংসারের দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়ে গেছেন ২ বছর আগে । এখন তাঁকে মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় আমরা বিব্রত।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন,’ ওই মামলায় অনেক আসামির নাম আছে। এখানে মৃত ব্যক্তিদের নাম তালিকায় আছে কিনা তা জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) বলেন,’বিষয়টি অবগত হয়ে ইতোমধ্যে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ভুলক্রমে এমন হয়ে থাকে তাহলে তদন্তে বিষয়টি পরিষ্কার হবে। তাঁরা মৃত হলে তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com