1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎ভাড়া নিয়ে উধাও ভাড়াটিয়া, তালাবদ্ধ ফ্ল্যাটে বিপাকে বাড়ির মালিক - দৈনিক আমার সময়

‎ভাড়া নিয়ে উধাও ভাড়াটিয়া, তালাবদ্ধ ফ্ল্যাটে বিপাকে বাড়ির মালিক

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে দুই মাসের ভাড়া বকেয়া রেখে একটি ফ্ল্যাট তালাবদ্ধ অবস্থায় ফেলে উধাও হয়ে যাওয়ার অভিযোগে ভাড়াটিয়ার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক বাড়ির মালিক। এ ঘটনায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।

‎জিডি সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরী হাটের পূর্ব পাশে দাতা রাম সড়ক সংলগ্ন আর.এম. বিল্ডিংয়ের মালিক মাসুদুল আলম খাঁন গত ২৯ জুন ২০২৬ তারিখে হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর-১৮৯১।

‎জিডিতে তিনি উল্লেখ করেন, গত ৭ মে ২০২৬ তারিখে মো. নাঈম হোসেন নামে এক ব্যক্তি তার ভবনের তৃতীয় তলার ৮ নম্বর ফ্ল্যাট মাসিক ১২ হাজার টাকা ভাড়ায় গ্রহণ করেন। ভাড়া নেওয়ার সময় এক মাসের অগ্রিম ভাড়া পরিশোধের শর্ত থাকলেও অর্থের সংকটের কথা জানিয়ে তিনি মাত্র ৭ হাজার টাকা প্রদান করেন।

‎অভিযোগে আরও বলা হয়, ওই দিনই ভাড়াটিয়া একটি হ্যান্ডব্যাগ ফ্ল্যাটের ভেতরে রেখে দরজায় তালা লাগিয়ে চলে যান। এরপর দুই থেকে তিন দিন অতিবাহিত হলেও তিনি আর ফ্ল্যাটে ফিরে আসেননি। পরবর্তীতে তার দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

‎জিডিতে বাড়ির মালিক দাবি করেন, বর্তমানে ওই ভাড়াটিয়ার কাছে দুই মাসের ভাড়া বকেয়া রয়েছে। এছাড়া ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকায় অন্য কোনো ভাড়াটিয়ার কাছে সেটি ভাড়া দিতে পারছেন না। ফলে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

‎এ পরিস্থিতিতে ভবিষ্যতে কোনো জটিলতা এড়াতে এবং বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত রাখার স্বার্থে তিনি হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জিডিতে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com