বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে রংপুরে ঘাঘট খাল দখলমুক্ত ও যথাযথ পুনর্খননের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে নগরীর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রংপুর জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময়ের প্রাণবন্ত ঘাঘট খাল বর্তমানে অবৈধ দখল, ভরাট ও দূষণের কারণে তার স্বাভাবিক নাব্যতা হারিয়ে ফেলেছে। ফলে বর্ষা মৌসুমে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষা ও টেকসই নগর ব্যবস্থাপনার স্বার্থে দ্রুত ঘাঘট খালকে অবৈধ দখলমুক্ত করে পরিকল্পিতভাবে পুনর্খনন করতে হবে। একই সঙ্গে খালের প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতা-কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঘাঘট খাল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
Leave a Reply