নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন ও জনসেবামুখী বিভিন্ন খাতে গুরুত্ব দিয়ে প্রস্তাবিত এ বাজেটে বিশুদ্ধ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বাজার অবকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবেলা এবং দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
বুধবার দুপুরে বনপাড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর ২০২৬-২০২৭ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, মোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকা। বিপরীতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৬ কোটি ৫২ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকা। ফলে বাজেটে ৩১ লাখ ৮০ হাজার ৮৮১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে, যা আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল আজিজ। তিনি পৌর নাগরিকদের প্রয়োজন বিবেচনায় বাস্তবমুখী উন্নয়ন কার্যক্রম গ্রহণ এবং সেবার মান আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বিএনপি নেত্রী মহুয়া নুর কচি, বনপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরদার, সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বাবর আলী এবং হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন।
সভায় সাংবাদিক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা নাগরিক সেবা সম্প্রসারণ, পরিকল্পিত নগরায়ণ এবং জনদুর্ভোগ নিরসনে বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, প্রস্তাবিত বাজেটে নাগরিক সুবিধা বাড়াতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন ঘটানো হয়েছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নিরাপদ পানি সরবরাহ সম্প্রসারণ এবং নগর অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদার এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে বনপাড়া পৌর এলাকায় নাগরিক সেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
Leave a Reply