1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নির্বাচনের কারণে পেছানো হতে পারে বই উৎসব - দৈনিক আমার সময়

নির্বাচনের কারণে পেছানো হতে পারে বই উৎসব

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ২০২৪ শিক্ষাবর্ষের বই উৎসব পেছানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, বছরের শুরুতে নির্বাচন থাকায় বই উৎসব ১০-১১ জানুয়ারি হতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৪ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির ডিজিটাল লটারি উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার বই উৎসবটা ঠিক ১ জানুয়ারি করবো নাকি নির্বাচনের পরে ১০-১১ তারিখে (জানুয়ারি) হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। বই উৎসব নিয়ে এখন আমাদের ভাবতে হচ্ছে। যেহেতু ৭ জানুয়ারি নির্বাচন। নির্বাচন-পূর্ববর্তী সময়টা কেমন থাকবে, সেটাও আমাদের একটু বিবেচনায় নিতে হবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়। সে কারণে এবার বই উৎসবটা ঠিক ১ তারিখে (জানুয়ারি) করবো নাকি নির্বাচনের পরে ১০-১১ তারিখ (জানুয়ারি) করবো, সেটা নিয়ে একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। সার্বিক অবস্থাটা বিবেচনায় নিয়ে খুব শিগগির সেটা জানাতে পারবো।’

দীপু মনি আরও বলেন, ‘নির্বাচনের কারণে আজকের এই লটারিটা আরও পরে হওয়ার কথা ছিল। কিন্তু আমরা নভেম্বরের মধ্যেই এটা শেষ করছি। আবার বার্ষিক পরীক্ষা, বার্ষিক সামষ্টিক মূল্যায়নও এগিয়ে এনে দ্রুত শেষ করছি। নির্বাচনের আগের যে পরিবেশ-পরিস্থিতি- সেটা আমাদের অবশ্যই মাথায় নিতে হবে, বিবেচনা করতে হবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে ডিজিটাল লটারির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের সচিব সোলেমান খান।

আরও উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয়, টেলিটক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com