কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। পাশাপাশি ইয়াবা বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, মাদকের একটি বড় চালান একটি প্রাইভেটকারে করে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজারের দিকে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার পরিকল্পনা ও নির্দেশনায় সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের করোলা ক্রস প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে বিজিবির আভিযানিক দল সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটির আরও বিস্তারিত তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার চারকোনা বক্সের ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে অবৈধ মাদক বহনের অভিযোগে প্রাইভেটকারটির মালিক ইমন হোছাইন (২৮)-কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ডেইল পাড়া এলাকার বাসিন্দা।
অভিযানে উদ্ধার ও জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮০ হাজার পিস ইয়াবা, একটি করোলা ক্রস প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি আইফোন এবং নগদ ৭ হাজার ৮০০ টাকা। জব্দকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply