1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জমি বিরোধের জেরে বৃদ্ধের বসতবাড়িতে আগুন, ১০ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক আমার সময়

জমি বিরোধের জেরে বৃদ্ধের বসতবাড়িতে আগুন, ১০ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌর এলাকার বিষ্ণুপুর (মৌখরা বাদামতলা) গ্রামে জমিজমা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক বৃদ্ধের বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের পর ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।

মামলার বাদী কোরমান আলী (৬৫) অভিযোগ করেন, প্রতিবেশী দবির উদ্দিন ও তাঁর পরিবারের সঙ্গে প্রায় এক বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তিনি আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। পরবর্তীতে নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিপক্ষের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭(৩) ধারায় আরেকটি মামলা করেন।এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই সকালে আদালত থেকে ১০৭ ধারার মামলার নোটিশ অভিযুক্তদের কাছে পৌঁছানোর পর থেকেই বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। একই দিন দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে গিয়ে গালিগালাজ করে এবং মামলা প্রত্যাহার না করলে প্রাণনাশ ও বসতবাড়িতে আগুন দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ২৬ জুলাই রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে অভিযুক্তরা পরিকল্পিতভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন রান্নাঘরেও ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

এ ঘটনায় কোরমান আলী বাদী হয়ে দবির উদ্দিন, আমজাদ হোসেন, আজাদুল, আনোয়ার হোসেন (বাবু), সুমন আলী, ছানোয়ারা বেগম, আসমা বেগম, হেলেনা বেগম, শাহিনুর খাতুন ও আজিরন বেগমসহ ১০ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com