চট্টগ্রাম নগরীর চকবাজারের চন্দনপুরা এক্সেস রোড এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেট -এর কার্যালয়ে সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিশ্বস্ত একটি সূত্রের দাবি, ঘটনার নেপথ্যে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে। দাবিকৃত অর্থ পরিশোধ না করায় এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, সোমবার ভোরে প্রায় ৪০ জন মুখোশধারী (মাস্ক পরিহিত) সশস্ত্র ব্যক্তি হঠাৎ প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা অফিসের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভেঙে ফেলে। এতে প্রতিষ্ঠানের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হামলার সময় তারা কর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন।
এ বিষয়ে ডিজিটাল ডটনেট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চকবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
উল্লেখ্য, হামলার নেপথ্যে দুই কোটি টাকা চাঁদা দাবির বিষয়টি একটি বিশ্বস্ত সূত্রের দাবি হলেও, বিষয়টি এখনো আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply