বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন ওয়াহিদুল ইসলাম। বুধবার ২৩ আগস্ট বরিশাল রেঞ্জ কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভায় মামলা তদন্ত, অপরাধ দমন, অপরাধ ব্যবস্থাপনা, আইন-শৃংখলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক পুলিশি কার্যক্রম বিবেচনা করে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়েছে। রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভায় ওয়াহিদুল ইসলামকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের ক্রেস্ট হস্তান্তর করেন রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান। সভায় তিনি বিগত মাসের বরিশাল রেঞ্জাধীন সকল জেলার অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট পুলিশ সুপারের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি আসন্ন শুভ জন্মাষ্টমী ও ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) এর সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকল জেলার পুলিশ সুপারদেরকে নির্দেশনা প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ ফারুক উল হক, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এ্যান্ড অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) ড. এ কে এম ইকবাল হোসেন এবং রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বরিশাল জেলা এ অর্জনের জন্য জেলার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।
Leave a Reply