সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব। এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম প্রেস ক্লাব জানায়, কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় ব্যবহার করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের কাছে অবৈধভাবে অর্থ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব কর্মকাণ্ড প্রকৃত সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং পেশার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও জনকল্যাণমুখী পেশা। তাই সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ যদি আইনবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে, তার দায় কোনোভাবেই চট্টগ্রাম প্রেস ক্লাব বহন করবে না।
চট্টগ্রাম প্রেস ক্লাব প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সাংবাদিক পরিচয়ে অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, সাংবাদিক পরিচয়ে কেউ তথ্য সংগ্রহ বা অন্য কোনো উদ্দেশ্যে এলে তার পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের পরিচয় যথাযথভাবে যাচাই করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা তার কর্মকাণ্ড সম্পর্কে সন্দেহ দেখা দিলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে সাংবাদিকতার মর্যাদা, পেশাগত নৈতিকতা এবং জনস্বার্থ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
Leave a Reply