1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে বাজুসের বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন কর-ভ্যাট ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনা - দৈনিক আমার সময়

রংপুরে বাজুসের বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন কর-ভ্যাট ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনা

আলামীন, রংপুর
    প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
oplus_0
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর উদ্যোগে রংপুর বিভাগের জুয়েলারি ব্যবসায়ীদের অংশগ্রহণে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় নগরীর জিএল রায় রোডস্থ আগামীর চাষী রংপুর লিমিটেড মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর প্রেসিডেন্ট এনামুল হক খান। তিনি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে জুয়েলারি শিল্পের জন্য ঘোষিত নতুন কর ও ভ্যাট সুবিধা, কর-পরিপালনের নিয়মাবলি এবং ব্যবসাকে আরও স্বচ্ছ ও আনুষ্ঠানিক খাতে রূপান্তরের বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন।
তিনি বলেন, সরকারের সহযোগিতা এবং বাজুসের ধারাবাহিক প্রচেষ্টায় জুয়েলারি শিল্পের জন্য ওজনভিত্তিক নির্দিষ্ট (ফিক্সড) ভ্যাট ব্যবস্থা চালু হয়েছে, ১ শতাংশ টার্নওভার ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে, উৎসে আয়করের (টিডিএস) হার ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করা হয়েছে এবং জুয়েলারি সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক (ভিডিএস) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব উদ্যোগ জুয়েলারি ব্যবসাকে আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করবে বলে তিনি উল্লেখ করেন।
এনামুল হক খান ব্যবসায়ীদের যথাযথ কর ও ভ্যাট পরিশোধ, বৈধ স্টক সংরক্ষণ এবং প্রয়োজনীয় চালান ও নথিপত্র সংরক্ষণের আহ্বান জানান। তিনি বলেন, সরকারের দেওয়া এই সুযোগ কাজে লাগিয়ে দেশের জুয়েলারি শিল্পকে আন্তর্জাতিক মানের একটি আনুষ্ঠানিক শিল্পে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের আট জেলার বাজুস শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন রংপুর জেলা বাজুসের সভাপতি মো. এনামুল হক সোহেল (মডার্ন জুয়েলার্স) ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজু (রিনতি জুয়েলার্স); দিনাজপুর জেলা বাজুসের সভাপতি মো. মোফাজ্জল হোসেন (মৌসুমী জুয়েলার্স) ও সাধারণ সম্পাদক মো. মোকলেছার রহমান (সরকার জুয়েলার্স); লালমনিরহাট জেলা বাজুসের সভাপতি হিমাংশু সরকার (রূপায়ন জুয়েলার্স) ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার (মাতৃ জুয়েলার্স); নীলফামারী জেলা বাজুসের সভাপতি মো. শামা (হামদমি জুয়েলার্স) ও সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম (আলম জুয়েলার্স মেলানী); ঠাকুরগাঁও জেলা বাজুসের সভাপতি খোকন কুমার রায় (হ্যাপী জুয়েলার্স) ও সাধারণ সম্পাদক মো. রহুল আমিন (আমিন জুয়েলার্স); পঞ্চগড় জেলা বাজুসের সভাপতি নবীন চন্দ্র বণিক (নবীন জুয়েলার্স) ও সাধারণ সম্পাদক মধুসূদন বণিক (রনি) (শ্যামলী জুয়েলার্স); গাইবান্ধা জেলা বাজুসের সভাপতি শ্রী মনিদ এবং সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম সঞ্জু (আমিন জুয়েলার্স); কুড়িগ্রাম জেলা বাজুসের সভাপতি দুলাল চন্দ্র রায় (যমুনা জুয়েলার্স) ও সাধারণ সম্পাদক বাদল সাহা (বি এম গোল্ড হাউস)।
সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা নতুন কর-ভ্যাট কাঠামো বাস্তবায়ন, ব্যবসার স্বচ্ছতা বৃদ্ধি এবং জুয়েলারি শিল্পের টেকসই উন্নয়নে বাজুসের উদ্যোগকে স্বাগত জানান। তারা সরকারের সঙ্গে সমন্বয় রেখে জুয়েলারি শিল্পকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক বাজারে উপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে বাজুসের পক্ষ থেকে জানানো হয়, নতুন কর-ভ্যাট পরিপালন বিষয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন চূড়ান্ত অনুমোদনের পর দেশের সকল সদস্য প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com