1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক আমার সময়

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।
রোববার (২৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) ও মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। দুর্ঘটনায় মোহাম্মদ শাহেদ (২৪) নামের আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, মোহাম্মদ মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তাঁর পেছনে ছিলেন রাসেল ও শাহেদ। মোটরসাইকেল চালিয়ে মাহবুব গ্রামীণ একটি সড়ক থেকে বানৌজা পেকুয়া সড়কে উঠতেই মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি বরইতলী রাস্তার মাথা থেকে পেকুয়ার দিকে যাচ্ছিল।
স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় অন্য দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে রাসেলের মৃত্যু হয়। আহত শাহেদকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের লাশ বাড়িতে রয়েছে। অন্যজনের লাশও হাসপাতাল থেকে বাড়িতে আনা হচ্ছে। নিহত দুজনই একই এলাকার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়েছেন। যদি পরিবারের কোনো অভিযোগ না থাকে তাহলে পুলিশ সেভাবেই পরবর্তী পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com