বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১০ জুন বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) আব্দুল হান্নান। এ সময় তিনি জানান মঙ্গলবার দুপুরে গোয়েন্দা বিভাগের পুলিশ ওসি ছগির হোসেনের নেতৃত্বে নগরীর কেডিসি বালুর মাঠ এলাকার কাদের মহুরীর গলিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার মালিকানাধীন ঘরে তল্লাশি চালিয়ে একটি চটের বস্তা ও কালো রং এর ৪টি ট্রাভেল ব্যাগে রাখা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা। বিএমপি উপ-পুলিশ কমিশনার বলেন পলাতক সাইদুল ইসলাম ও নিলুফা বেগম নিলুসহ অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৬ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা বিক্রির উদ্দেশ্যে কেডিসি বালুর মাঠ বস্তিসহ নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএমপি উপ-পুলিশ কমিশনার আব্দুল হান্নান বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস সহ সব ধরনের অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকমুক্ত মহানগরী গঠনের লক্ষে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply