গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রী কলেজ মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত শ্রমিক অধিকার পরিষদের সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নূরুল হক নুর স্বৈরাচার সরকারের অধীনে অনুষ্ঠিত সকল নির্বাচন বাতিলের দাবি জানান। তিনি বলেন, “স্বৈরাচার সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই এই সরকারের অধীনে অনুষ্ঠিত সকল স্থানীয় নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন করতে হবে।”
(৪ অক্টোবর) শুক্রবার বিকালে গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে , শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সহ-সভাপতি পাঠান আজহার। এছাড়াও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে আসেন এবং উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। নূর আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে শিল্প খাতকে অস্থিতিশীল করে তুলছে।” তিনি আরও অভিযোগ করেন যে, কিছু রাজনৈতিক শক্তি শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং দেশের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করার অপচেষ্টা করছে।
নূর বলেন, “দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে আমাদের শিল্পকারখানা। অথচ বর্তমান সরকারের দুর্নীতি ও অদক্ষতার কারণে এই খাত আজ ধ্বংসের মুখে।” তিনি শ্রমিকদের স্বার্থরক্ষায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি নতুন ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এসময় নূর উল্লেখ করেন, “কেবলমাত্র স্থানীয় নির্বাচনের ফলাফল বাতিল করলেই হবে না, বরং স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই অবৈধ ঘোষণা করতে হবে এবং সকল নির্বাচিত প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে।”শ্রমিক অধিকার পরিষদ এ সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক ব্যবস্থার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
Leave a Reply