প্রাইমারি হেলথ কেয়ার কার্যক্রমে যৌথ উদ্যোগ, নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়
রংপুর নগরবাসীর জন্য মানসম্মত, সহজলভ্য ও টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ার (Primary Health Care) কার্যক্রম বাস্তবায়নে যৌথ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। তিনি বলেন, নগরবাসীর দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অংশীদারিত্ব জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং নাগরিকদের জন্য উন্নত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান সরকার। তিনি বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে নগরবাসীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি ও মান আরও বৃদ্ধি পাবে। যৌথভাবে পরিচালিত কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে রংপুর নগরীর জনগণের জন্য আরও সমন্বিত, আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নগরবাসী এর সুফল ভোগ করবেন।
Leave a Reply