বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৬ অক্টোবর সোমবার সকাল ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নগরায়ণ ও যানবাহনের সংখ্যা বাড়ছে। ফলে যানজটের পাশাপাশি অপরাধপ্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে কাজ করছে পুলিশ প্রশাসন। বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বর্তমানে ৪টি থানার মাধ্যমে পুলিশি সেবা দেওয়া হলেও ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর প্রস্তাবনা রয়েছে। তিনি জানান ভবিষ্যতে আরো ৪টি থানা যুক্ত করে মোট ৮টি থানার মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নগরবাসীর কাছে পুলিশি সেবা আরো বিস্তৃত করা সম্ভব হবে। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপস্থিত ছিলেন বিএমপি পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আব্দুস সালাম রিমন, এসআরবি-৮ এর অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম, ১০ এপিবিএন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শাহাব উদ্দীন, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উদ্বোধন শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএমপি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উল্লেখ্য ২০০৬ সালের ২৬ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশে ১ হাজার ৮শত পুলিশ সদস্য কর্মরত রয়েছেন।
Leave a Reply