নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামের শিমুল আলী (২৬) ও সজীব আলী (১৯)। তাঁরা সম্পর্কে ভাই। তাঁদের বাবার নাম আরাম আলী।এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পায় ব্যাটালিয়নের সদস্যরা। চক্রটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যম ব্যবহার করে ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালানো হয়। এ সময় শিমুল আলীর বাড়ি থেকে শিমুল ও সজীবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি মুঠোফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে এসআরবি। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
Leave a Reply