বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর নবনিযুক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এর যোগদান উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টায় বিএমপির সম্মেলন কক্ষে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মিট দ্য প্রেস এ সাংবাদিকরা বরিশাল নগরীর সার্বিক নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। নবাগত বিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণকে ঘিরে সংশ্লিষ্ট মহলে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আর উন্নতি, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ এবং জনবান্ধব পুলিশিং জোরদারের প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত পুলিশ কমিশনারের সঙ্গে বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীদের আনুষ্ঠানিক মতবিনিময়ের সূচনা হয়। সম্প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে আবু রায়হান মুহাম্মদ সালেহকে নিয়োগ দেওয়া হয়। গত ৫ আগস্ট তিনি বিএমপি পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি অতীতে বিএমপি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply