নড়াইলে কালনা ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
১৭ আগস্ট (সোমবার) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) কুমারেশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা এলাকায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জড়িত ব্যক্তিরা চলে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় রোববার রাতে গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগে মামলা করেন। মামলায় কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমানকে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।
Leave a Reply