রাজধানীর গুলিস্তানে ট্রাকের নিচে চাপা পড়ে শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে দুর্ঘটনা ঘটে। পরে ট্রাকচালক শামীম গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ট্রাকচালক মো. শামীম জানান, শাহাবুল ছিল তার ট্রাকের হেলপার। তারা ট্রাকে মাল বোঝাই করে রংপুর যাওয়ার পথে স্টেডিয়ামের পাশে গুলিস্তান এলাকায় গাড়িটির চাকা গর্তে পড়ে আটকে যায়। পরে ওই গাড়িটিকে সেখান থেকে উঠানোর জন্য আরেকটি গাড়ির মাধ্যমে ধাক্কা দেওয়া হচ্ছিল। সে সময়ে ট্রাকের নিচে হেলপার শাহাবুল জোগান দিতে গিয়ে চাপা পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। রংপুর জেরার পীরগঞ্জ উপজেলার সানাইঘাট নানসা গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহাবুল।
Leave a Reply