1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এক টাকার মানবিক হাটে হাসি ফুটল ৩০ অসহায় পরিবারের মুখে - দৈনিক আমার সময়

এক টাকার মানবিক হাটে হাসি ফুটল ৩০ অসহায় পরিবারের মুখে

বড়াইগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে যখন নিম্নআয়ের মানুষের সংসারে টানাপোড়েন, তখন তাঁদের পাশে দাঁড়িয়েছে মানবিক সেবা ফাউন্ডেশন। অসহায় মানুষের আত্মমর্যাদা অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক টাকার মানবিক হাট।শনিবার আয়োজিত এ হাটে ২৫ জন ভ্যানচালক ও পাঁচজন দুস্থ নারীসহ মোট ৩০টি অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। প্রত্যেক উপকারভোগী মাত্র এক টাকার বিনিময়ে পেয়েছেন ৫০০ গ্রাম গরুর মাংস, ৫০০ গ্রাম সয়াবিন তেল, এক কেজি আলু ও এক কেজি বাসমতি চাল।বাজারমূল্যের তুলনায় কয়েক শ টাকার এসব খাদ্যসামগ্রী মাত্র এক টাকায় পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। আয়োজকদের ভাষ্য, এটি নিছক খাদ্য বিতরণ নয়; বরং অসহায় মানুষের আত্মমর্যাদা রক্ষা করে তাঁদের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস।আয়োজকেরা জানান, বিনামূল্যে সহায়তা দেওয়ার পরিবর্তে প্রতীকী এক টাকা নেওয়ার মূল উদ্দেশ্য হলো সহায়তা গ্রহণকারী যেন নিজেকে অসহায় বা ভিক্ষুক মনে না করেন। প্রয়োজনের সময়ে সম্মানের সঙ্গে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার সুযোগ করে দেওয়ার ভাবনা থেকেই এক টাকার মানবিক হাট আয়োজন করা হয়েছে।মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিনিধি শাহাদাত হোসেন সুমনের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন,সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী তাঁদের মুখে হাসি ফোটানোই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com