1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এআইয়ের ভুয়া ভিডিও ঠেকাতে প্রযুক্তির পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে: বিটিআরসি চেয়ারম্যান - দৈনিক আমার সময়

এআইয়ের ভুয়া ভিডিও ঠেকাতে প্রযুক্তির পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে: বিটিআরসি চেয়ারম্যান

আলামীন রংপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। একই সঙ্গে গুজব প্রতিরোধে প্রযুক্তির পাশাপাশি সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘রংপুর শহরে মোবাইল টাওয়ারের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড-ইএমএফ রেডিয়েশন পরিবীক্ষণ, জনসচেতনতা ও সেবার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের সময়ও এআইনির্ভর বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও ভুয়া ভিডিও মোকাবিলা করতে হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আশঙ্কা ছিল—ভুয়া ভিডিও ছড়িয়ে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করা হয় কি না। কারণ নির্বাচনকালীন সময়ে এ ধরনের ভিডিও সাধারণ মানুষের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তবে এ বিষয়ে ভিন্ন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এমদাদ উল বারী। তিনি বলেন, ‘আমরা ভয় পেয়েছিলাম মিথ্যা ভিডিওকে মানুষ বিশ্বাস করবে। পরে দেখলাম সত্য ভিডিওকেও মানুষ বিশ্বাস করছে না।’ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখেছে বলেও মন্তব্য করেন তিনি।

গুজব প্রতিরোধ প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান বলেন, মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সবাই কথা বলি। তবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়; এর একটি সীমা থাকা প্রয়োজন। প্রযুক্তির মাধ্যমে গুজব বন্ধের চেষ্টা অব্যাহত থাকবে। তবে হয়তো কখনোই পুরোপুরি গুজব বন্ধ করা সম্ভব হবে না। তাই গুজব প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিটিআরসির মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাংবাদিক তাজুল ইসলাম তুহিন ও দৈনিক আমার সময়ের বিশেষ প্রতিনিধি এম ডি আলামীন, রংপুর চেম্বারের পরিচালক পার্থ বোস, জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ আমন্ত্রিত অতিথিরা।

সভায় রংপুর নগরীর নেটওয়ার্কিং সমস্যা, মোবাইল টাওয়ারের ইএমএফ রেডিয়েশনের প্রভাব, প্রাণ-প্রকৃতির ক্ষতির আশঙ্কা এবং ইন্টারনেট সেবার মান উন্নয়ন নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com