1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে জনতার হাতে ১২০পিস ইয়াবাসহ দুই যুবক আটক - দৈনিক আমার সময়

শ্রীপুরে জনতার হাতে ১২০পিস ইয়াবাসহ দুই যুবক আটক

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে মাদক বিক্রির সময় স্থানীয়দের হাতে ১২০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক হয়েছে। পরে খবর দিলে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামের তেজগাঁ বাড়ির আশপাশের লোকজন ওই দুই যুবককে আটক করে। পরে রাত ২টার দিকে তাদের থানায় নেওয়া হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন সাদ্দাম জানান, সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার পুলিশের একটি দল বিন্দুবাড়ী গ্রামের জিওসি নামক স্থানে জাকির হোসেনের দোকানের সামনে অবস্থান করছিল। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ওই দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবকদের একজন কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের আতিকুল হাসানের ছেলে জোবায়ের হাসান পলাশ (৩০) এবং শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামের মোতাহার হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৬)।

স্থানীয় বিএনপি নেতা সাইদুল ইসলাম বলেন,’ দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল একটি চক্র। এলাকাবাসী বারবার নিষেধ করলেও ওরা কোনো পাত্তা দেয়নি। গতরাতে সেখানে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদে তারাবী নামাজ পড়ে লোকজন জড়ো হয়ে সেখানে ধাওয়া করে। এসময় পলাশ ও জুয়েলকে ১২০ পিস ইয়াবাসহ আটক করে। এরপর থানায় খবর দিলে তাদেরকে নিয়ে যায় পুলিশ। আমরা মাদক মুক্ত সমাজ চাই।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ নাসির আহমেদ বলেন,’উদ্ধারকৃত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়। মাদক প্রতিরোধে আমাদের চিরুনি অভিযান চলমান।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com