মাদারীপুর জেলার শিবচরে নিজ ঘর থেকে জামিলা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে শিবচর উপজেলার শিবরায়েরকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জমিলা একই এলাকার সোনামিয়া মাদবরের মেয়ে ও ভ্যানচালক মুসা মুন্সির স্ত্রী। জানা গেছে, তিন বছর আগে রাজবাড়ির মুসা নামের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয় জামিলার। এর পর স্বামীকে নিয়ে শিবচরেই থাকতেন জামিলা। তাদের দুই বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। গত শুক্রবার সকালে খুটি-নাটি বিষয় নিয়ে স্বামী মুসার সঙ্গে কথা কাটাকাটি হয় জামিলার। পরে মুসা ভ্যান নিয়ে কাজে বেরিয়ে যান। রাত ৯টার দিকে বসতঘরে জামিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে মুসাকে খবর দিলে তিনি এসে জামিলাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায় পুলিশ। শিবচর থানার ওসি রতন শেখ জানান, ঘরের দরজা ভেঙে লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply