চট্টগ্রামের বাংলা বাজার এলাকায় অবস্থিত এসআরভি (স্টেশন অব রানী ভিক্টোরিয়া) রেলস্টেশনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সংঘটিত এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্টেশনটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্টেশনটিতে আগুন লাগার ঘটনা নতুন নয়, এর আগেও একাধিকবার একই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। অভিযোগ রয়েছে, বহিরাগত কিছু নেশাগ্রস্ত ব্যক্তি পরিত্যক্ত বা কম ব্যবহৃত ট্রেনের বগিতে নিয়মিত নেশাদ্রব্য সেবন করে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় অসাবধানতাবশত তারাই আগুনের সূত্রপাত ঘটিয়েছে।
এলাকাবাসীর দাবি, রেলওয়ে কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতার কারণেই স্টেশনটি কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে আছে। স্টেশনসংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য একাধিকবার লিখিতভাবে অনুরোধ জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
অন্যদিকে, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওপর স্টেশনটির নিরাপত্তার দায়িত্ব থাকলেও লোকবল সংকটের কারণে প্রায় পৌনে দুই কিলোমিটারজুড়ে বিস্তৃত এই স্টেশন এলাকায় নিয়মিত ও কার্যকর টহল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অপরাধপ্রবণতা ও ঝুঁকিপূর্ণ কার্যকলাপ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুধু এসআরভি স্টেশন নয়, সংশ্লিষ্টদের মতে, দেশের বিভিন্ন রেলস্টেশনেই নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে একই ধরনের অবহেলার চিত্র লক্ষ্য করা যায়। তারা মনে করছেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।
Leave a Reply