আগামী বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসন ও নালা–নর্দমা ব্যবস্থাপনা উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের নির্দেশনা অনুযায়ী নিয়মিত উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, বন্দর থানাধীন দক্ষিণ–মধ্যম হালিশহর ৩৮ নাম্বার ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর।
২৬ নভেম্বর ২০২৫, বুধবার সকালে ৩৮ নাম্বার ওয়ার্ডের তৈয়বিয়া মাদ্রাসার পশ্চিম পাশ থেকে বাকের আলি ফকিরের টেক হয়ে খাঁজা খিজির সড়ক পর্যন্ত নালা–নর্দমা ও ড্রেনের ময়লা–আবর্জনা ও নিচু স্তরের জমে থাকা মাটি সরিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করতে গভীর থেকে মাটি উত্তোলনসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি ও ৩৮ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর। তিনি বলেন, “বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ড্রেন, নালা–নর্দমা পরিষ্কার অত্যন্ত জরুরি। শুধু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করলে হবে না; এলাকার মানুষকেও সচেতন হতে হবে। পরিষ্কার–পরিচ্ছন্ন শহর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, জনসেবায় নিজেকে নিয়োজিত রেখে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ করতে চাই, যাতে নাগরিকদের ভোগান্তি কমে এবং প্রতিটি সড়কে সুগম পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা যায়।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজার অজয় বাবু, এলাকার সমাজসেবক ও ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply