বরিশালে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগান নিয়ে ১ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসনের বাস্তবায়নে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাগত জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল বিভাগের আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম সহ খেলোয়াড়বৃন্দ। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ বনাম হিজলা সরকারী ডিগ্রি কলেজ। মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই টুর্নামেন্টে।
Leave a Reply