“বহু বর্ণিল রঙে হোক রঙিন, নতুন বছরের প্রতিটি দিন” এই স্লোগান নিয়ে বৈশাখী শোভাযাত্রাসহ বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। নতুন সূর্যের স্নিগ্ধ আলোয় জেগে ওঠে বাঙালি সংস্কৃতি, শুরু হয় আমাদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ। অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন চেতনাকে ধারণ করে সকল জাতিগোষ্ঠী, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গের অংশগ্রহণে দিনটি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৮টায় বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে বৈশাখী শোভাযাত্রা সার্কিট হাউজ চত্ত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সার্কিট হাউজ প্রাঙ্গনে শেষ হয়। বৈশাখী শোভাযাত্রায় বরিশাল বিভাগীয় কমিশনারের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন, জেলা পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, বিএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, শিক্ষা বোর্ড চেয়ারম্যান, জেলা প্রশাসক সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণি-পেশার মানুষ। পরবর্তীতে সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গনে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে গ্রামীণ মেলা, হস্তশিল্পের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নববর্ষ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন হাসপাতাল ও শিশু পরিবার সমূহে উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়াও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান, কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদির প্রদর্শনী এবং তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন করা হয়।
Leave a Reply