প্রেমিকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও বিকাশে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার ১৩ জুলাই বিকালে বরিশাল নগরী থেকে আকাশ সরদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক গৌরনদী উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার ১৩ জুলাই রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগটি পেয়ে কাজ শুরু করে সাইবার টিম। পরে গাজীপুর থানায় করা জিডির ভিত্তিতে ভুক্তভোগী তরুণীর সঙ্গে কথা বলে জানা গেছে আকাশ সরদার বরিশালের গৌরনদী এলাকার বাসিন্দা। তিনি জানান, তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে তার ভিডিও সংগ্রহ করে ঐ যুবক। ভিডিও ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভয় দেখিয়ে দুই ধাপে মোট ৩ হাজার টাকা আদায় করে। পরে আরো টাকার জন্য চাপ দেয়। টাকা না পেয়ে ভিডিও ভুক্তভোগীর ভাই ও বান্ধবীর মেসেঞ্জারে ছবি পাঠায়। ১০ আর্মড পুলিশের অধিনায়ক মোয়াজ্জেম হোসেন আরো জানান, আকাশের মোবাইল ব্যাংকিংয়ে আরো অনেক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ঐ সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তার ধারণা ঐ সব লেনদেনও একইভাবে আদায় করেছে। এই বিষয়ে গাজীপুর সদর থানায় করা জিডিটি মামলা হিসেবে রুজুর প্রক্রিয়া চলছে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জল কুমার দে, পুলিশ পরিদর্শক শাহ ফয়সাল আহমেদ প্রমূখ।
Leave a Reply