হৃদয়ছোঁয়া কমেডি ড্রামা থেকে শুরু করে ফ্যান্টাসি, থ্রিলার ও অ্যাডভেঞ্চার—চলতি সপ্তাহেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে দক্ষিণ ভারতীয় ৯টি সিনেমা। এর মধ্যে কয়েকটি মালয়ালম ভাষার।
বৃহস্পতিবার মুক্তি পাবে মোহনলালের রোমান্টিক কমেডি ড্রামা ঘরনার ‘হৃদয়পূর্ণম’। থুদারুম এর ব্যাপক সাফল্যের পর এই সুপারস্টার আবার বড় পর্দায় ফিরছেন কমেডি ড্রামা নিয়ে। এটি পরিচালনা করেছেন সাথিয়ান অ্যান্টিকাড।
পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, হৃদয়পূর্ণম এর গল্প গড়ে উঠেছে সন্দীপ বালাকৃষ্ণান নামের মধ্যবয়সী এক ব্যক্তিকে ঘিরে। গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের সময় তাঁকে অঙ্গদান করেন এক ব্যক্তি। এই ব্যক্তির মেয়ের বিয়েতে যান সন্দীপ। সেখান থেকেই শুরু হয় সিনেমার গল্প।
২৮ আগস্ট আরও মুক্তি পাবে মালয়ালম ভাষার ‘লোখ-চ্যাপ্টার ওয়ান: চন্দ্রা’। কল্যানি প্রিয়াদর্শন অভিনীত এ সিনেমা সুপারহিরো ফ্যান্টাসি ধাঁচের।
২৯ আগস্ট মুক্তি পাবে পৌরাণিক গল্পের অনুপ্রেরণায় নির্মিত ‘ত্রিবন্ধধারী বার্বরিক’। সাসপেন্স থ্রিলার এই সিনেমায় অভিনয় করেছেন সত্যরাজ রাজ। একইদিন মুক্তি পাবে কান্নড় ভাষার উসিরু। এটিও সাসপেন্স থ্রিলার ধাঁচের। সিনেমাটি অন্তর্দ্বন্দ্বে ভোগা এক পুলিশ কর্মকর্তার গল্পনির্ভর। ঘটনাচক্রে একসময় এই পুলিশ কর্মকর্তাকে নিজের নিকটআত্মীয়কে রক্ষা করার প্রয়োজন পড়ে। তখনই শুরু হয় অন্তর্দ্বন্দ্ব।
আগামী শুক্রবার মুক্তির তালিকায় আরও আছে ফাহাদ ফাসিল অভিনীত ‘ওডুম কুথিরা চাদুম কুথিরা’। রোমান্টিক কমেডি ধাঁচের এই সিনেমায় ফাহাদের বিপরীতে আছেন কল্যানি প্রিয়দর্শন। আবি নামে এক তরুণ এক সময় গুরুগম্ভীর ব্যক্তিত্বের নারীর প্রেমে পড়ে। একই সময়ে তাঁর প্রাক্তন প্রেমিকাও জীবনে ফিরে আসতে চায়। আবির এমন আবেগ ঘিরে এগিয়েছে সিনেমার গল্প।
শুক্রবার সিনেমা মুক্তির তালিকা এখানেই শেষ হয়। বাকিগুলো হলো, তামিল ভাষার কুত্রম পধিথু, সোত্তা সোত্তা নানাইয়ুতু, তেলেগু ভাষার অর্জুন চক্রবর্তী: জার্নি অব আন আনসাং চ্যাম্পিয়ন ও মালয়ালম ভাষার মেইনে পেয়ার কিয়া।
Leave a Reply