সরকারি জায়গায় দোকান বসিয়ে মাসে ৮ হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ, অগ্নিকাণ্ডের ঝুঁকিতেও উদ্বিগ্ন ব্যবসায়ীরা
রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের প্রাচীর ঘেঁষে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান স্থাপনের অভিযোগ উঠেছে। এতে সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে বাধ্য হয়ে পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গা ও জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে এসব দোকান বসানো হয়েছে। আর এসব দোকান ভাড়া দিয়ে মাসিক অর্থ আদায় করছেন মাইশা ইলেকট্রনিক দোকানের মালিক বাপ্পি। সরকারি জায়গায় দোকান বসিয়ে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভাড়া আদায়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
পথচারী আবদুল মাবুদ বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য। অথচ সেই ফুটপাত দখল করে সরকারি জায়গায় দোকান বসিয়ে ভাড়া আদায় করা হচ্ছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা প্রয়োজন।
পথচারী আবু জাফর সিদ্দিক অভিযোগ করে বলেন, এখানে একটি দোকান থেকে মাসে প্রায় ৮ হাজার টাকা ভাড়া আদায় করা হয়। অথচ সাধারণ মানুষ ফুটপাত দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। জনসাধারণের চলাচলের জায়গা দখল করে এভাবে ব্যবসা পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে স্থানীয় চৈতাসহ কয়েকজনের অভিযোগ, জেলা পরিষদ সুপার মার্কেটের প্রাচীর ঘেঁষে একটি চায়ের দোকানও স্থাপন করা হয়েছে। সেখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চা তৈরি করা হয়। ইতিপূর্বে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনাও ঘটেছে বলে তারা জানান। এতে মার্কেটের আশপাশের ব্যবসায়ী ও দোকানমালিকদের মধ্যে অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মার্কেটের প্রাচীর ঘেঁষে এ ধরনের দোকান স্থাপনের ফলে শুধু পথচারীদের চলাচলই ব্যাহত হচ্ছে না, আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি গ্যাস সিলিন্ডার ব্যবহারের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সচেতন মহলের দাবি, জনসাধারণের চলাচলের ফুটপাত দখলমুক্ত করা, সরকারি জায়গায় অনুমোদনহীন স্থাপনা নির্মাণ ও ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করা এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এলাকাবাসী ও পথচারীদের প্রত্যাশা, রংপুর জেলা পরিষদ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসন সরেজমিনে তদন্ত করে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করবে। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে দোকান ভাড়া দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply