চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
তিনি বলেন, “পানি সমস্যাসহ নানা কারণে এই প্রকল্পের কাজে ধীরগতি দেখা দিয়েছিল। তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প কর্মকর্তাদের সাথে আলাপের পর তারা আমাকে নিশ্চিত করেছেন যে ডিসেম্বরের মধ্যে সব ধরনের অবকাঠামোগত কাজ শেষ হবে।”
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় পারকি সমুদ্র সৈকত এবং সেখানে চলমান “পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত)” শীর্ষক উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, “এ প্রকল্পটি সম্ভাবনাময়। এর সফল বাস্তবায়নে স্থানীয়দের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply