মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন—ফরিদপুর জেলার সালথা থানার রামচন্দ্রপুর গ্রামের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৬)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খানসন্স টেক্সটাইল লিমিটেডের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১৪-১৭০৪) এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে ৪টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৮১৭৫) দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঠিক একই মুহূর্তে পেছন থেকে আসা পূর্বাসা পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫৩২০) মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও বাসের মাঝে পড়ে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা অজ্ঞাতনামা আরও দুইজন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply