‘আজকের প্রশিক্ষণ, আগামীর সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কর্মসহায়ক যন্ত্রপাতি ও চাকরি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রংপুরে ইআইটি প্রতিষ্ঠানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের হাতে বিভিন্ন ধরনের কর্মসহায়ক যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে চাকরির সুযোগও প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।
ইআইটির পরিচালক মো. নাজমুল আলম নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল মাহমুদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, কাজী আবুল কাশেম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, মির্জা নুরুল গনি শোভন, ইসরাত জাহান, মুরাদ হোসেন, মো. আব্দুল ফারুক, অনিরুদ্ধ কুমার রায়, সাংবাদিক আলামীন, তাজুল ইসলাম তুহিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। শুধু প্রশিক্ষণ প্রদান করলেই হবে না; প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে যুবসমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
তারা বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় কর্মসহায়ক যন্ত্রপাতি প্রদান এবং চাকরির সুযোগ সৃষ্টি তরুণদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। এর ফলে বেকারত্ব কমার পাশাপাশি পরিবার ও সমাজে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মধ্যে কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ এবং চাকরি প্রদানের কার্যক্রম সম্পন্ন করা হয়।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ, কর্মসহায়ক উপকরণ ও কর্মসংস্থানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ জনশক্তিতে পরিণত করা সম্ভব হবে।
Leave a Reply