ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড়ে পুলিশ বক্সের ভেতরে রেদুয়ান জাহান খান রিয়াদ (২৮) নামের এক যুবকের নৃশংস হত্যার প্রতিবাদে সোমবার (১ ডিসেম্বর) পাটগুদাম ব্রিজ মোড়ে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে নিহত রিয়াদের বাবা, বন্ধুবান্ধব এবং হাজারো এলাকাবাসী অংশ নেন। বাবার কান্না ও করুণ আর্তনাদে পুরো পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে। উপস্থিত জনতা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানান। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকা, কিশোরগঞ্জ, হালুয়াঘাট, শেরপুর এর যোগাযোগ পুরোপুরি বন্ধ থাকে।
মানববন্ধনে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন,
জনবহুল এলাকায় পুলিশ বক্সের ভেতরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। দোষীদের দ্রুত শাস্তি দেওয়া প্রয়োজন।
নিহতের বাবা মো. সাইদুল হক খান বলেন,
আমার ছেলে আহত অবস্থায় বক্সের মধ্যে পড়ে ছিল। কিন্তু কেউ তাকে হাসপাতালে নেয়নি। মৃত্যুর ৫ দিন পার হলেও এখনো কেন আসামি গ্রেপ্তার হয়নি সেটাই আমার প্রশ্ন। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনের বক্তারা স্পষ্টভাবে ঘোষণা করেন,
আগামী পাঁচ দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার না হলে পুনরায় কঠোর আন্দোলন শুরু হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরোয়ার্দী হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দেন,দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
স্থানীয়রা জানান, রিয়াদের হত্যাকাণ্ড এবং মানববন্ধন পুরো এলাকায় উত্তাল পরিবেশ সৃষ্টি করেছে। পুলিশের আশ্বাসে মানববন্ধন স্থগিত হলেও জনতার মধ্যে ক্ষোভ কমেনি।
মানববন্ধনে উপস্থিত জনতা এবং নিহত পরিবারের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।
Leave a Reply