মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মাঝমপাড়া এলাকায় বাড়িতে ঢুকে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মোঃ সোরহাব হোসেন (৩৮)।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী সোরহাব হোসেনের বাড়ির পাশেই অভিযুক্তদের বসবাস। অভিযোগে তিনি আতীক (২৮), পিতা- শাহজাহান প্রামাণিক এবং বাসনা (৫৮), স্বামী- শাহজাহান প্রামাণিককে বিবাদী করেছেন।
অভিযোগকারী জানান, গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে তার স্ত্রী রাবিনা ইসলামকে ফোন করে গ্রামের বাড়িতে বেড়াতে আসার কথা বলা হয়। একই সঙ্গে বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার জন্য বলা হয়। পরে রাবিনা ইসলাম বাড়ি পরিষ্কার করতে গিয়ে গেট খুলে ভেতরে প্রবেশের সময় দেখতে পান, আতীক সেখানে অবস্থান করছেন।
অভিযোগে বলা হয়, আতীক সেখানে কেন অবস্থান করছেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে রাবিনা ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। পরে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন বলেও অভিযোগ করা হয়েছে। এতে রাবিনা ইসলামের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি বাসনাকে জানালে তিনিও রাবিনা ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর আহত রাবিনা ইসলামকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগকারী জানিয়েছেন।
অভিযোগকারী আরও জানান, ঘটনার বিষয়ে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী মোঃ সোরহাব হোসেন।
Leave a Reply