দলিল লেখকদের দীর্ঘদিনের সাত দফা দাবি বাস্তবায়নে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি রংপুর জেলা শাখা।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম।
রংপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি কাজী ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইবনে হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, দলিল লেখকরা দীর্ঘ দুই শতাধিক বছর ধরে দেশের জনগণের সম্পত্তি নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের মাধ্যমে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে থাকে। তাই নিবন্ধন ব্যবস্থা আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশা থেকে বঞ্চিত না করে তাদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা; প্রতিটি দলিলের জন্য ৫ হাজার টাকা সম্মানি ভাতা বাস্তবায়ন; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও দলিল মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না রাখা; সংশ্লিষ্ট থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিকে দলিল লেখার লাইসেন্স না দেওয়া; থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ; পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুত করায় পেশাগত কারণে দলিল লেখককে আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়া।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলিল লেখকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সভা, সমাবেশ ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এছাড়া ২০২৫ সালের ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে দেশের বিভিন্ন বিভাগের দলিল লেখক প্রতিনিধিরা সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
রংপুর জেলা দলিল লেখক সমিতির নেতারা বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে জনগণের সম্পত্তি নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাদের ন্যায্য দাবিগুলো বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে দলিল লেখক সমাজ উপকৃত হবে এবং নিবন্ধন সেবার মান আরও কার্যকর ও সুশৃঙ্খল হবে।
স্মারকলিপি প্রদানকালে রংপুর জেলার বিভিন্ন এলাকার দলিল লেখকরা উপস্থিত ছিলেন। তারা সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।
Leave a Reply