জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) রংপুর বিভাগীয় শাখার উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রংপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালি ডোনার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা আরজানা বেগম, দৈনিক আমার সময়ের বিশেষ প্রতিনিধি এমডি আলামীন, সাংবাদিক তাজুল ইসলাম তুহিনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।
এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও পশুপালনসহ জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, রংপুর বিভাগের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রয়োজনভিত্তিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় জেডআরএফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা নিজেদের মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সাংগঠনিক কর্মকাণ্ডে সমন্বয় বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।
সভা শেষে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
Leave a Reply