মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে কাজ করার স্বীকৃতি হিসেবে মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড পেয়েছেন রংপুর মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রের পরিচালক মো. রাশেদুজ্জামান রিপন।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
‘মানবতার কল্যাণে মহীয়সী নারী মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল। অনুষ্ঠানে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাশেদুজ্জামান রিপনের দীর্ঘদিনের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, মাদকাসক্তি বর্তমানে সমাজের অন্যতম বড় চ্যালেঞ্জ। মাদকাসক্ত ব্যক্তিদের শুধু চিকিৎসার আওতায় আনা নয়, তাদের পুনর্বাসনের মাধ্যমে পরিবার ও সমাজের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রাশেদুজ্জামান রিপনের উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয় এবং অনুকরণীয়।
পুরস্কার গ্রহণের পর মো. রাশেদুজ্জামান রিপন বলেন, “মাদকাসক্তি থেকে মানুষকে ফিরিয়ে এনে সুস্থ ও স্বাভাবিক জীবনে প্রতিষ্ঠিত করাই আমার কাজের মূল লক্ষ্য। একজন মানুষ মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে সেটিই আমার সবচেয়ে বড় অর্জন।”
তিনি আরও বলেন, মাদকাসক্ত মানুষকে ঘৃণা নয়; বরং চিকিৎসা, সহমর্মিতা, ভালোবাসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ, চিকিৎসক, প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রাশেদুজ্জামান রিপনের এই সম্মাননা মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কার্যক্রমে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তার এ অর্জন রংপুরের মাদকবিরোধী সামাজিক উদ্যোগগুলোকেও আরও উৎসাহিত করবে বলে মনে করছেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply