বরিশালে র্যাব-৮ এর অভিযানে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের যৌথ অভিযানে বুধবার রাতে ঢাকা মহানগরের দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান (৩০) মেহেন্দিগঞ্জের হাসানপুর গ্রামের নান্নু দেওয়ানের ছেলে। র্যাব জানায় মেহেন্দিগঞ্জে চলতি বছরের ১০ জুলাই সন্ধ্যায় বাড়ির পাশের সুপারি বাগান থেকে জ্বালানি হিসেবে সুপারি গাছের পাতা সংগ্রহে যায় ৩১ বছর বয়সী ভুক্তভোগী তরুণী। তখন কয়েকজন ব্যক্তি ঐ তরুণীকে ঘিরে ধরে মুখ চেপে ধর্ষণ করে। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। এই ঘটনা কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। তখন তরুণীর চিৎকারে তার মা ও বোন ঘটনাস্থলে জাহির হলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বরিশালের মেহেন্দিগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি হিসেবে মেহেদীকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব-৮। ঘটনাটি র্যাব-৮ বরিশালের নজরে আসলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই প্রেক্ষিতে র্যাব-৮ এবং র্যাব-৪ যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন মামলার আসামী হিসেবে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply