1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত - দৈনিক আমার সময়

‎পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সড়ক উন্নয়নকাজ ও ট্রাফিক ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ঘাতক ক্রেন আটক

 

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে নগরীর নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

‎নিহত নাফিসা নাওয়াল সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে।

 

‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় নাফিসা নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে রাস্তায় পড়ে থাকা অবস্থায় তাকে দেখতে পান মারিয়া নামে এক ইন্টার্ন চিকিৎসক। তিনি দ্রুত নাফিসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, দীর্ঘদিন ধরে পতেঙ্গা এলাকার বিভিন্ন সড়কে উন্নয়ন ও সংস্কারকাজ চলমান থাকায় যানবাহন চলাচল ও পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে নানা ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। সড়কের বিভিন্ন অংশে নির্মাণসামগ্রী, ভারী যানবাহন ও উন্নয়নকাজের সরঞ্জাম চলাচলের কারণে অনেক সময় যানবাহন ও পথচারীদের মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ব্যস্ত সড়কে উন্নয়নকাজ চললেও পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা, নিরাপত্তা ব্যারিকেড ও পথচারীদের জন্য নিরাপদ পারাপারের ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

‎স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আরও কার্যকর হওয়া প্রয়োজন। ভারী যানবাহন ও নির্মাণকাজে ব্যবহৃত ক্রেনসহ অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময় ও রুট ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

 

‎চমেক হাসপাতাল পুলিশ বক্সের এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

‎ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ক্রেনটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

‎নাফিসার মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সড়ক উন্নয়ন ও সংস্কারকাজ চলাকালে পথচারী এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com