ডিসি গোল্ডকাপ ফুটবলের ফাইনালের অঘটনের দাগ কাটেনি এখনো। সেই আতঙ্কে প্রায় এক বছর মাঠে ছিল না ফুটবলের উন্মাদনা। যার কারণে ফিকে হয়ে পড়েছিল মাঠের সবুজের চাদর।
নানা শঙ্কা নিয়ে ২১ আগস্ট শুক্রবার মাঠে গড়ালো কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট। বেলা ৩ টার পর থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আবারও সেই চিরচেনা পরিবেশ। হাজারো দর্শক, গ্যালারিজুড়ে উত্তেজনা ও ফুটবলের দামামা। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আ: মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ফুটবলের এই ঐতিহ্য সমৃদ্ধ রাখার আহ্বান জানান।
টুর্নামেন্টের শুরুতেই মুখোমুখি হয় দুই শক্তিশালী স্বাগতিক সদর উপজেলা বনাম চকরিয়া উপজেলা খেলোয়াড় সমিতি। চকরিয়ার হয়ে মাঠে নামেন জাতীয় তারকা আনিসুর রহমান জিকু, সুশান্ত, ইব্রাহিম সহ অনেকেই। তবে খেলায় তাঁদের তেমন একটা দাপট দেখা যায়নি।
অপরদিকে ৩ জন বিদেশি খেলোয়াড় নিয়ে খেলতে নেমে একের পর এক চমক দেখায় সদর উপজেলা। সমন্বিত আক্রমণ থেকে তারা ৪-৫ টি সুযোগ তৈরি করে। কিন্তু কোন আক্রমণই সফল হয়নি। যার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ৫-৫ জনের শটে ফলাফল দাঁড়ায় ৪-৪ গোলে। একটি করে শট রুখে দেয় দুই দলের গোলরক্ষক। কিন্তু সাডেন ডেথে সদর উপজেলার এক খেলোয়াড় শট মিস করলে বদলে যায় ফলাফলের চিত্র। জাতীয় দলের গোলরক্ষক জিকুর বাজিমাতে ৭-৬ গোলের কাঙ্খিত জয় তুলে নেয় চকরিয়া। যার ফলে ভালো খেলেও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো স্বাগতিক সদর উপজেলা।
শনিবার একই ভেন্যুতে মুখোমুখি হবে শক্তিশালী টেকনাফ বনাম পেকুয়া উপজেলা খেলোয়াড় সমিতি।
Leave a Reply