1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কালবৈশাখী ঝড়ের কবলে পড়লো  সাদা সোনাকৃত লবণ, কোটি টাকার ক্ষতির মুখে- দিশেহারা প্রান্তিক চাষি - দৈনিক আমার সময়

কালবৈশাখী ঝড়ের কবলে পড়লো  সাদা সোনাকৃত লবণ, কোটি টাকার ক্ষতির মুখে- দিশেহারা প্রান্তিক চাষি

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
কক্সবাজার জেলাজুড়ে কালবৈশাখীর ঝড়ো হাওয়া ও টানা হালকা বৃষ্টিতে কক্সবাজারের বিস্তীর্ণ লবণ মাঠ লণ্ডভণ্ড হয়ে গেছে। ৭ ও ৮ এপ্রিল রাতজুড়ে বয়ে যাওয়া দুর্যোগে উৎপাদিত ও উৎপাদনাধীন বিপুল পরিমাণ লবণ পানিতে মিশে গিয়ে প্রান্তিক চাষিদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ও ঈদগাঁও, পেকুয়ার মগনামা ও রাজাখালী, মহেশখালীর কুতুবজোম ও বড় মহেশখালী এবং কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির পানিতে ‘সাদা সোনা’ খ্যাত লবণ গলে যাওয়ার পাশাপাশি উৎপাদনের জন্য প্রস্তুত করা বেড বা কাই নষ্ট হয়ে গেছে। এতে নতুন করে উৎপাদন শুরু করতে অন্তত ৫ থেকে ৭ দিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মগনামা শতঘোনা এলাকার লবণচাষি লিয়াকত আলী বলেন, “মৌসুমের শেষ সময়ে বেশি লাভের আশায় দিনরাত পরিশ্রম করছিলাম। কিন্তু মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে কয়েকশ মণ লবণ পানিতে মিশে গেছে।”
উজানটিয়া করিয়ারদ্বিয়া এলাকার চাষি মনজুর আলমের কণ্ঠে হতাশা, “বাজারে লবণের দাম এমনিতেই কম। তার ওপর এই ঝড়ে সব শেষ হয়ে গেছে। ঋণ করে মাঠ নিয়েছি—এখন কীভাবে শোধ করব বুঝতে পারছি না।”
একই সুর বড় মহেশখালীর আনচার উল্লাহ ও কুতুবজোমের গিয়াসউদ্দিনের কণ্ঠেও। তাদের ভাষায়, মৌসুমের শেষ সময়ে এমন ক্ষতি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নতুন করে মাঠ প্রস্তুত করতে বাড়তি খরচের বোঝাও যোগ হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্র জানায়, ২০২৫-২৬ মৌসুমে দেশে প্রায় ২৭ লাখ ১৫ হাজার টন লবণের চাহিদা রয়েছে। এই লক্ষ্যে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী এলাকায় প্রায় ৬৯ হাজার একর জমিতে ৪১ হাজারের বেশি চাষি লবণ উৎপাদনে নিয়োজিত।
শুধু মহেশখালীতেই প্রায় ১৭ হাজার একর জমিতে লবণ চাষ হয়, যেখানে অনুকূল আবহাওয়ায় গড়ে ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার টন উৎপাদন হয়—যা দেশের মোট উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ।
বিসিক কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল ভূঁইয়া বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে কয়েক হাজার একর লবণ মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। লোনা পানি মিষ্টি হয়ে যাওয়ায় পুনরায় উৎপাদনে অতিরিক্ত শ্রম ও জ্বালানি ব্যয় বাড়বে, যা জাতীয় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনেও শঙ্কা তৈরি করছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব চাষিদের টিকে থাকতে জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম নেওয়ার দাবি উঠেছে। নাহলে মৌসুমের শেষ প্রান্তে এসে এই ক্ষতি তাদের জন্য দীর্ঘমেয়াদি সংকটে রূপ নিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com