1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পুঠিয়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলা ও মিথ্যা মামলার অভিযোগ - দৈনিক আমার সময়

পুঠিয়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলা ও মিথ্যা মামলার অভিযোগ

আল আমিন হোসেন, রাজশাহী
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামে জমি দখলের চেষ্টা, হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় গ্রামবাসী মানববন্ধন করেন এবং বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় খুটিপাড়া গ্রামে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য শ্যামলী খাতুন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে গ্রামবাসীর ওপর চড়াও হয়ে মারধর ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তার মায়ের জমি নিয়ে বিউটি খাতুন ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১০ জুন মাগরিবের নামাজের সময় দেশীয় অস্ত্র, শাবল, কোদাল ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালানো হয়। ওই হামলায় তার মা সুফিয়া বেগম গুরুতর আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শ্যামলী খাতুনের দাবি, ঘটনার একপর্যায়ে বিউটি খাতুন নিজেই মেহগনি গাছের সঙ্গে মাথা ঠুকে আহত হওয়ার ঘটনা সাজিয়ে থানায় মিথ্যা মামলা করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১৫ নভেম্বর সালিশি বৈঠকের দিন নির্ধারিত থাকলেও তা ভন্ডুল করতে ১২ নভেম্বর আবারও জমি দখলের চেষ্টা ও হামলা চালানো হয়। এ সময় শ্যামলীর ভাই চঞ্চলকে লাঠি ও শাবল দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে বাঁচলেও পরে সালিশ ও মীমাংসার আশ্বাসে সময়ক্ষেপণ করে গোপনে চঞ্চলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় চঞ্চলের ছবি বিউটি খাতুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেন বলেও ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
এ ছাড়া বিউটি খাতুনের বিরুদ্ধে তার মেয়ে বৃষ্টি খাতুনের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের সূত্র ধরে গর্ভের সন্তানকে নির্যাতনের মাধ্যমে হত্যা ও স্বামীকে তালাকের চাপ দেওয়ার অভিযোগ, সেই বক্তব্য শেয়ার করার জেরে গ্রামবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ এবং বয়স্ক শ্বশুর-শাশুড়ি ও দাদিশাশুড়িকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত সুজনের স্ত্রী জানান, মারামারি থামাতে আসায় তার স্বামীকে বাড়িতে আগুন দেওয়ার মামলায় আসামি করা হয়েছে। মোট নয়জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্য এক নারী জানান, তার স্বামীর কসমেটিকসের দোকান রয়েছে; তিনি মারামারি থামাতে গেলে ৫০ লাখ টাকা লুট করে নেওয়ার মিথ্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।
একজন বৃদ্ধা গ্রামবাসী বলেন, “আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আমাদের গ্রামে যেন আর মারামারি না হয়।”
এলাকায় বসবাসকারী এক যুবক বলেন, “এক মহিলার জন্য গোটা গ্রামবাসী হয়রানির শিকার হচ্ছে, বারবার মামলার শিকার হচ্ছি আমরা। ফেসবুকে কমেন্ট করলেই শাসাচ্ছে ও মামলা দিয়ে দিচ্ছে এবং বলছে এলাকায় থাকতে দেবে না—এভাবে নানাভাবে হয়রানি করা হচ্ছে।”
মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে হামলা, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি বন্ধ করে খুটিপাড়া গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান বিউটি খাতুন বলেন, “নির্যাতন, হামলা ও জমি দখলের চেষ্টা—এগুলো সম্পূর্ণ মিথ্যা; উপরন্তু আমাদের ওপর নৃশংস হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমি এ বিষয়ে থানায় মামলা করেছি এবং সেই মামলায় পুলিশ দুজন আসামিকে আটকও করেছে।”
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে পক্ষে বিপক্ষে  একাধিক মামলা রয়েছে। মামলা সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com