1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নুসার উদ্যোগে জাজিরার বড়গোপালপুরে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক আমার সময়

নুসার উদ্যোগে জাজিরার বড়গোপালপুরে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ ফারুক হোসেন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়গোপালপুর ইউনিয়নে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (১৬ ডেজ অব অ্যাক্টিভিজম অ্যাগেইনস্ট জেন্ডার-বেজড ভায়োলেন্স) উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার সময় এ কর্মসূচি পালিত হয়।

​‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’-এর আওতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), ইউরোপীয় ইউনিয়ন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন ‘গাইডেন্স’ প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়। নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্প), ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এবং সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সোডেপ)-এর সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করছে।

​প্রচারাভিযানের অংশ হিসেবে এলাকায় একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। এতে বাল্যবিবাহ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন, যৌতুক, অনলাইন হয়রানি এবং নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি ভয় বা সামাজিক চাপের কারণে সহিংসতার শিকার নারী ও কন্যাশিশুরা যাতে ন্যায়বিচার ও প্রয়োজনীয় আইনি সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করা হয়।

​অনুষ্ঠানে গাইডেন্স প্রকল্পের জাজিরা উপজেলা কো-অর্ডিনেটর গোলাম রব্বানী বলেন, “নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। অনেক সময় পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে নির্যাতনের শিকার ব্যক্তিরা তাঁদের সমস্যার কথা প্রকাশ করতে পারেন না। এ পরিস্থিতি পরিবর্তনে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। সহিংসতার ঘটনা গোপন না রেখে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।”

​কর্মসূচিতে স্থানীয় কমিউনিটি লিডার, কমিউনিটি হেলথ প্রতিনিধি, যুব প্রতিনিধি, সুশীল সমাজের (সিএসও) প্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সবাই নিজ নিজ পরিবার ও সামাজিক পরিসরে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com