গাজীপুরের শ্রীপুরে পুরোনো মাটির ঘর ভাঙার সময় দেয়ালচাপায় মনির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন (৩৬) ওই গ্রামের মো. মাঈন উদ্দিনের ছেলে। তিনি আইসক্রিম ও বাঙাড়ি ব্যবসা করতেন।
স্থানীয় বাসিন্দা মো. আক্তার হোসেন জানান, নতুন করে ঘর নির্মাণের জন্য মনির হোসেনের পরিবারের সদস্যরা কয়েক দিন ধরে পুরোনো মাটির ঘরটি ভাঙার কাজ করছিলেন। শুক্রবার দুপুরেও পরিবারের সদস্যরা মিলে ঘর ভাঙার কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি বড় মাটির দেয়াল ভেঙে মনির হোসেনের ওপর পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘এ ঘটনা সম্পর্কে কেউ থানায় অবগত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply