রাজধানীর গুলিস্তান থেকে ককটেলসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। তারা হলেন- মেহেদী হাসান ফাহিম (৩০) ও আরিফুর রহমান (৩০)। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গুলিস্তান এলাকায় বিস্ফোরণ ঘটানোর সময় হাতেনাতে দুইটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। পল্টন থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের সদস্যরা তাদের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫/৬ ধারায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply