নেতৃবৃন্দের একতাবদ্ধ দাবি—অবৈধ পার্কিং ও ট্রাফিক বিশৃঙ্খলা বন্ধ করতেই হবে
চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট, অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও সড়ক ব্যবস্থাপনার নাজুক অবস্থার অবসানে নাগরিকদের পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার বরাবর একটি বিস্তারিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত ১৫ জুলাই ২০২৫, সোমবার বেলা ১২:৩০টায়, দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্মারকলিপিটি হস্তান্তর করেন বন্দর-ইপিজেড-পতেঙ্গা এলাকার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজসেবীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল।
সভার শুরুতেই নেতৃবৃন্দ বন্দর এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির চিত্র ও সম্ভাব্য সমাধানসমূহ পর্যালোচনার মাধ্যমে তুলে ধরেন।
আলহাজ্ব মোহাম্মদ আমিন সওদাগর, আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর, আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন মামুন, আলহাজ্ব মোঃ হোসেন (সাংবাদিক), রোকনউদ্দিন মোঃ খলিল, তাজউদ্দীন, মোহাম্মদ ফয়সল, মোঃ ফয়সাল হাসান জনি (সাংবাদিক), জহুর আহমদ, জাহিদুল ইসলাম, মোঃ জাকারিয়া হোসেন (সাংবাদিক), নাজিমউদ্দিন, মোহাম্মদ বাহাদুর এবং লায়ন মোহাম্মদ হারুন ইউসুফ।
সভায় সভাপতিত্ব ও নেতৃত্ব দেন বন্দর এলাকার প্রখ্যাত সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন মামুন। তিনি বলেন—
এই অঞ্চল দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও অব্যবস্থাপনার ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন। সময়ের অপচয়ের পাশাপাশি এ পরিস্থিতি রপ্তানিমুখী শিল্প ও জাতীয় রাজস্বেও নেতিবাচক প্রভাব ফেলছে।
কমিশনার উপস্থিত প্রতিনিধিদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং নাগরিক সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আশ্বাস প্রদান করেন।
সভা শেষে প্রতিনিধি দল ডিসি ট্রাফিক (বন্দর বিভাগ)-এর কার্যালয়ে গমন করে স্মারকলিপির একটি অনুলিপি হস্তান্তর করেন এবং তার সাথেও একটি বিস্তারিত মতবিনিময় করেন।
আলোচ্য মূল সমস্যাসমূহ ছিল:
সড়কে যত্রতত্র অবৈধ পার্কিং ও যান চলাচলে বাধা সৃষ্টি
বন্দরগেট এলাকায় যানবাহনের প্রবেশ ও বের হওয়ার সময়ক্ষেপণ
সড়ক সংস্কারকাজে ম্যাক্স কর্তৃপক্ষের ধীরগতি ও জনদুর্ভোগ
ফুটপাত দখল ও অবৈধ দোকানপাট স্থাপন
গার্মেন্টস শ্রমিকদের অঘোষিত সড়ক অবরোধ
ট্রাকের দীর্ঘ সারি ও যানজট সৃষ্টি
সিডিএ, সিটি কর্পোরেশন ও অন্যান্য দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব
মতবিনিময়কালে এডিসি ট্রাফিক, এসি ট্রাফিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই যৌথভাবে জানান— নাগরিক সমস্যা সমাধানে প্রাতিষ্ঠানিক সমন্বয়, সঠিক পরিকল্পনা এবং মাঠপর্যায়ে প্রয়োগযোগ্য বাস্তব কৌশলই একমাত্র উত্তরণ পথ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়—
আগামী ২৪ জুলাই ২০২৫, বুধবার, বন্দর-ইপিজেড-পতেঙ্গা এলাকাবাসীর ব্যানারে এক শান্তিপূর্ণ মানববন্ধন ও রেলি অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচি সর্বস্তরের মানুষের সহানুভূতি ও অংশগ্রহণে সফল করতে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের সহায়তা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, এই কর্মসূচি বিষয়ে স্পেশাল ব্রাঞ্চের ডিসিকে লিখিতভাবে অবহিত করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা কামনায় একটি আনুষ্ঠানিক আবেদনপত্রও প্রেরণ করা হয়েছে।
Leave a Reply