1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সফর করবে দুবাই চেম্বারের প্রতিনিধি দল - দৈনিক আমার সময়

বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সফর করবে দুবাই চেম্বারের প্রতিনিধি দল

সাগর দেব,সংযুক্ত আরব আমিরাত
    প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
দুবাই চেম্বারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রতিনিধিদল। 
বৃহস্পতিবার  (২৫ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রমজানের পর বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে দুবাই চেম্বারের ১৫ থেকে ২০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে সিদ্ধান্ত হয়।
বৈঠকে এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে দুই পরিচালক সালেহীন এফ নাহিয়ান ও মোহাম্মদ ফাইজুর রহমান, আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মিজানুর রহমান ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার অংশ নেন। অন্যদিকে, দুবাই চেম্বারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আলী লোথার নেতৃত্বে দেশটির গ্লোবাল মার্কেটসের ভাইস প্রেসিডেন্ট সালেম আল শামসি, স্ট্র্যাটেজিক পার্টনারশিপস অ্যান্ড প্রটোকল অফিসার সুমায়া আল শামসি প্রমুখ অংশ নেন।
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে জাপান, ভারত ও কোরিয়ার বিনিয়োগের উদাহরণ তুলে ধরে দুবাইকেও একই ধরনের প্রস্তাব দেন এফবিসিসিআই’র সভাপতি। তিনি সরকারের ভিশন-২০৪১সহ বিনিয়োগের সম্ভাব্য খাতগুলো তুলে ধরেন।
মাহবুবুল আলম বলেন, ‘চট্টগ্রাম, পায়রা ও মাতারবাড়ী সমুদ্রবন্দরে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা চাইলে এ সুবিধা নিতে পারেন।
এ সময় অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসায়িক তথ্য আদান-প্রদানসহ বাংলাদেশে নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন দুবাই চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী লোথা। তিনি বলেন, ‘বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সঙ্গে নির্দিষ্ট কিছু খাতে আমরা কাজ করতে আগ্রহী। আর স্বল্প পরিসরে এটি শুরু হতে পারে ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে।
পরে আশীষ কুমার সরকার বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা ও অর্থনৈতিক অগ্রগতি জেনে খুশি দুবাই চেম্বারের কর্মকর্তারা। তারা নির্ধারিত কিছু খাতে বিনিয়োগ করতে চান। তাতে ভালো ফল মিললে বড় পরিসরে কাজের পরিবেশ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com